নেত্রকোনার মদনে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সপ্তাহ ২০২৫ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২৫ উপলক্ষে আজ রবিবার(২৩ নভেম্বর) নেত্রকোনার মদন উপজেলা প্রেসক্লাবে জেলা ঔষধ প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় ঔষধের দোকান মালিক, ড্রাগ লাইসেন্সধারী ও ফার্মেসি কর্মীরা অংশগ্রহণ করেন। মদন উপজেলা বিডিএস এর সভাপতি রোকনুজ্জামান খান এর সভাপতিত্বে ও আবু সায়েমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসনের জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক খন্দকার হাফসা নাজনীন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অ্যান্টিবায়োটিক একটি গুরুত্বপূর্ণ জীবনরক্ষাকারী ঔষধ হলেও এর ভুল ব্যবহার জনগণের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। সাম্প্রতিক বছরগুলোতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি বৈশ্বিক হুমকিতে পরিণত হয়েছে, যা অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক বিক্রি ও ব্যবহারের ফলে আরও বৃদ্ধি পাচ্ছে। তিনি ফার্মেসিগুলোকে চিকিৎসকের বৈধ প্রেসক্রিপশন ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক বিক্রি না করার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করেন।
সভায় বক্তারা বলেন,রোগজীবাণুনাশক ঔষধের অযথা ও অতিরিক্ত ব্যবহার জনস্বাস্থ্যের জন্য গুরুতর বিপদ ডেকে আনছে। দেশে যেসব রোগীর মৃত্যু হচ্ছে, তাদের নমুনায় প্রায় ৭০–৮০ শতাংশ ক্ষেত্রে ঔষধ-প্রতিরোধী জীবাণু পাওয়া যায়। কার্যকর ব্যবস্থা না নিলে আগামী প্রজন্মের জন্য এএমআর এক ধরনের মহামারি হয়ে উঠতে পারে।
সচেতনতা, দায়িত্বশীল ব্যবহার এবং ‘ওয়ান হেলথ’ দৃষ্টিভঙ্গিই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলার পথ সুগম করতে পারে, এমনটাই উঠে আসে সমাবেশের আলোচনায়।
নেত্রকোনা,
২৪/১১/২৫ ইং

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন