চরফ্যাশনের পিংকি বেগম জাতীয় পর্যায়ে স্বর্ণপদ অর্জন
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।।
প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পেলেন ভোলার চরফ্যাশনের তরুণ নারী উদ্যোক্তা পিংকি বেগম। আবুবকরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এই নারী খামারি নিজের সংগ্রাম, পরিশ্রম ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে “প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনের ভাবনা” শীর্ষক মতবিনিময় সভায় পিংকির হাতে স্বর্ণপদক তুলে দেন ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম খাঁন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলী।
পুরস্কার প্রদানকালে ডা. রফিকুল ইসলাম খাঁন বলেন, “পিংকি বেগমের মতো উদ্যোক্তারা দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিচ্ছেন। তাঁর সাফল্য শুধু ব্যক্তিগত নয়, বরং অন্যান্য নারীদের জন্য অনুপ্রেরণা।” তিনি আরও জানান, পিংকি দীর্ঘদিন ধরে পশুপালন, খামার ব্যবস্থাপনা, নারী প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এলাকায় ইতিবাচক প্রভাব রেখে চলেছেন।
নিজের এই অর্জন নিয়ে পিংকি বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “উদ্যোক্তা হওয়ার পথটা ছিল চ্যালেঞ্জে ভরা। সামাজিক বাধা আর নানা সীমাবদ্ধতার ভেতর দিয়েই আজকের এই অবস্থানে পৌঁছেছি। স্বর্ণপদকটি শুধু আমার নয়—চরফ্যাশনের প্রতিটি সংগ্রামী নারীর প্রাপ্য সম্মান।” ভবিষ্যতে খামার সম্প্রসারণ, নারীদের প্রশিক্ষণ এবং প্রযুক্তিনির্ভর প্রাণিসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা, কৃষকসহ বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে গত ২৬ নভেম্বর সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চিন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে পিংকি বেগমের হাতে স্বর্ণপদক ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন