জাফলং জিরো পয়েন্টে সাদা পাথর লুটপাটের হোতা আনোয়ার অবশেষে আটক।
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি :: মোশারফ হোসেন,
জাফলং জিরো পয়েন্টের বহুলচর্চিত সাদা পাথর লুটপাট কান্ডের অন্যতম হোতা আনোয়ার হোসেনকে অবশেষে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। টানা গোয়েন্দা নজরদারির পর শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে জিরো পয়েন্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক সেবনে লিপ্ত থাকার অপরাধে আরও দু’জনকে আটক করে পুলিশ।
আটক আনোয়ার হোসেন জাফলং লাখরপাড় গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের আগস্টে জিরো পয়েন্ট এলাকায় সংঘটিত পাথর লুটকাণ্ডে তার সক্রিয় ভূমিকা নিশ্চিত হওয়ার পর থেকেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার রাতে সহযোগীদের নিয়ে জিরো পয়েন্টের একটি রুমে মাদক সেবনের খবর পেয়ে ওসি মো. তরিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, “জাফলং জিরো পয়েন্টে পাথর লুটের মামলার অন্যতম আসামি আনোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও আমাদের অভিযান অব্যাহত আছে।”
প্রসঙ্গত, গত ৭, ৮ ও ৯ আগস্ট টানা তিন দিনে জাফলং জিরো পয়েন্ট থেকে প্রায় ৪০–৫০ হাজার ঘনফুট পাথর লুট করে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে ১৮ আগস্ট অজ্ঞাতনামা ১০০–১৫০ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন