পীরগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ২
পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:
মোঃ ফাতেকুল ইসলাম
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন জাতীয় দৈনিক রূপবাণীর স্টাফ রিপোর্টার, দৈনিক প্রভাত পত্রিকার জেলা প্রতিনিধি এবং পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম (৩৮)। তাকে রক্ষা করতে গেলে তার ফুফাতো ভাই সইদুর রহমান (৫৫)–কেও মারধর করে গুরুতর জখম করা হয়।
ঘটনাটি ঘটে সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জাবরহাট ইউনিয়নের হাটপাড়া করনাই বাজার এলাকায়। অফিস থেকে বের হয়ে সংবাদ সংগ্রহে যাওয়ার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা মাহাবুর আলম ও বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ নওপাড়া প্রাকপ্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী রিয়াজুল ইসলামসহ কয়েকজন দুর্বৃত্ত তাকে পিছন থেকে ধরে এলোপাতাড়ি মারধর করে। লাঠি, গাছের ডাল ও ধারালো অস্ত্রের আঘাতে রেজাউলের ডান চোখের ওপরে গভীর কাটা ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
রেজাউল করিমকে উদ্ধার করতে গেলে তার ফুফাতো ভাই সইদুর রহমানকেও বেধড়ক মারধর করা হয়। দু’জনকে হাসপাতালে নেয়ার জন্য গাড়িতে তুললে বোলায়হাট এলাকায় আবারও হামলার চেষ্টা করা হয়। অভিযোগ অনুযায়ী, মাহাবুর আলমের আত্মীয়স্বজন ও ভাড়াটে লোকজন পথরোধ করলেও সঙ্গে থাকা লোকজন ৯৯৯ এ কল করতে গেলে তারা পালিয়ে যায়।
পরে দু’জনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলার সময় রেজাউল করিমের মোবাইল, পকেটে থাকা ৫৩ হাজার টাকা ও অফিস চত্বরে থাকা তার মোটরসাইকেল লুটে নেয় দুর্বৃত্তরা।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পীরগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের সাংবাদিক সংগঠনগুলো দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুতি চলছে বলে পারিবারিক ও সাংবাদিক সংগঠন সূত্রে জানা গেছে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন